আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ
এক দন্তচিকিৎসক ও দুই ব্যবসায়ীকে বাসায় আটকে রেখে মুক্তিপণ আদায় করার অভিযোগে পুলিশ সিলেটের ওয়ার্ড ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে। গতকাল বুধবার সকালে নগরের শাহজালাল উপশহরের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তিরা হচ্ছেন নগরের ২২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোশাহিদ খান, তাঁর সঙ্গী জকিগঞ্জের সুমন আহমদ, কানাইঘাটের বদরুল আমীন, সুনামগঞ্জের শাল্লার চঞ্চল কুমার দাস ও কিশোরগঞ্জের দীঘিরপাড়ের মিম্বর আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহজালাল উপশহর আবাসিক এলাকার এফ ব্লকের ৩ নম্বর রোডের ৭৭ নম্বর বাসায় বসবাস করতেন মোশাহিদ। গত মঙ্গলবার দুপুরে শাহজালাল উপশহর মোড় থেকে দন্তচিকিৎসক শাহীন আলম ও তাঁর আত্মীয় ব্যবসায়ী মো. লাহীন ও মুক্তার আহমদকে আটক করে ওই বাসায় নিয়ে যান। লাহীন ও মুক্তারকে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেও শাহীনকে দুই লাখ টাকা মুক্তিপণের জন্য আটকে রাখা হয়। রাত ১২টার দিকে শাহীন তাঁর এক আত্মীয়কে মুঠোফোনে বিষয়টি জানান। গতকাল বুধবার সকালে শাহ পরান থানায় গিয়ে শাহীনের আত্মীয় বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দুপুর ১২টার দিকে শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে। শাহীনের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার সোনাপুর গ্রামে। এ ঘটনায় শাহীন একটি মামলা করেছেন।