আটকে রেখে যৌনবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় এক কিশোরীকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌনবৃত্তি করানোর অভিযোগে রওশন আরা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার চরকগাছিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেছে। বরগুনা সদর থানা সূত্রে জানা গেছে, ইচ্ছার বিরুদ্ধে যৌনবৃত্তির করানোয় শনিবার ওই কিশোরী (১২) অসুস্থ হয়ে পড়ে। ওই দিন দুপুরে রওশন আরা ওই কিশোরীকে শহরের ‘সূর্যের হাসি’ ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ সময় ক্লিনিকের লোকজন স্থানীয় বেসরকারি সংস্থা ‘জাগো নারী’র পরিচালক হোসনে আরাকে খবর দিলে তিনি সেখানে যান। তিনি কিশোরীকে জিজ্ঞাসা করলে সে সব ঘটনা তাঁকে বলে। পরে খবর দিলে বরগুনা থানার উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন সেখানে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও রওশন আরাকে আটক করেন। এ ঘটনায় গতকাল রোববার সকালে মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রওশন আরা বেগম (৪৫), তাঁর স্বামী আজাহার হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। গতকালই রওশন আরাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী জানায়, কয়েক বছর আগে সংসারে অভাবের কারণে তার মা তাকে কলাপাড়া শহরে খালার কাছে রেখে যায়। দুই মাস আগে তার খালা গৃহপরিচারিকার কাজের কথা বলে তাকে কলাপাড়া থেকে রওশন আরার বাড়িতে রেখে যান। এক মাস আগ থেকে রওশন আরা ও তাঁর স্বামী তাকে দিয়ে যৌনবৃত্তি করাতে বাধ্য করেন। এতে শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে রওশন আরা তাকে চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যান। সদর থানার ওসি জাকির হোসেন ফকির জানান, ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।