আটকে রয়েছে নতুন রপ্তানি নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকে রয়েছে নতুন রপ্তানি নীতি (২০১২-১৫)। তিন বছর মেয়াদের এ রপ্তানি নীতি গত ১ জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা। কিন্তু ছয় মাস শেষ হতে চললেও নতুন রপ্তানি নীতি আর হয়নি। অনুমোদনের গত নভেম্বরে একবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপিত হয়েছিল। তার পর থেকে সেখানেই রয়ে গেছে নতুন রপ্তানি নীতির খসড়া। বিদ্যমান রপ্তানি নীতির (২০০৯-১২) মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। একই সময়ে আমদানি নীতির মেয়াদও শেষ হয়। এর মধ্যে নতুন আমদানি নীতি (২০১২-১৫) ঠিকই প্রণয়ন করা হয়েছে। নতুন রপ্তানি নীতি না হওয়ায় পুরোনোটি দিয়েই কাজ চালাতে হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রথম আলোকে বলেন, রপ্তানি নীতির খসড়া মন্ত্রিসভার বৈঠকে একবার উপস্থাপন করা হয়েছিল। পর্যবেক্ষণে এসেছে যে, এতে কিছু বিষয় যোজন-বিয়োজন করতে হবে। তা করার কাজ ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভায় তা উপস্থাপন করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।সূত্র জানায়, রপ্তানি নীতিতে কাঁচা চামড়া (ওয়েট ব্লু অর্থাৎ চামড়া থেকে পশম ছাড় করার পরের অবস্থা) রপ্তানির জন্য ধারা থাকা না-থাকা নিয়ে একধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে সরকার। রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাপও। ইইউ চায় কাঁচা চামড়া রপ্তানির দ্বার খুলে দিক বাংলাদেশ।তবে ব্যবসায়ীরা বলছেন, এই অনুমতি দেওয়া হলে দেশের চামড়াশিল্প ধ্বংস হয়ে যাবে। প্রয়োজনীয় চামড়াজাত পণ্য তখন বেশি দাম দিয়ে আমদানি করতে হবে। এই অবস্থায় বিভ্রান্তির মধ্যে পড়েছে সরকার। এই ধরনের চামড়া রপ্তানি বন্ধ রয়েছে ১৯৯০ সাল থেকে।অন্যদিকে, বিদ্যমান রপ্তানি নীতিতে চিনি রপ্তানি নিষিদ্ধ থাকলেও এরই মধ্যে সরকার চিনি রপ্তানির সুযোগ দিয়েছে। কিন্তু নতুন রপ্তানি নীতির খসড়ায় চিনিকে রপ্তানি নিষিদ্ধের তালিকাতেই রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি স্ববিরোধী এবং সরকারের উচিত হবে বিষয়টি পরিষ্কার করা।যোগাযোগ করলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ওয়েট ব্লু রপ্তানির সুযোগ দেওয়া হলে চামড়াশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে এবং কাজ হারাবে হাজার হাজার মানুষ।