আটকের এক সপ্তাহ পর গ্রেপ্তারের আবেদন, ব্যাখ্যা চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তিন আসামিকে আটকের সাত দিন পর গ্রেপ্তার দেখাতে ও রিমান্ড চেয়ে আবেদন করার বিষয়ে ব্যাখ্যা জানাতে মামলার প্রথম তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এই কর্মকর্তা হলেন মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী সালাহউদ্দিন। আগামী ১২ জানুয়ারি আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাঁকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই মামলায় তিন আসামির জামিন আবেদনের শুনানিতে বিষয়টি নজরে এলে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মুন্সিগঞ্জের আদালতে থাকা ওই মামলার নথি তলব করা হয়েছে।

তিন আসামি হলেন আবু রায়হান লিমন, মো. সাইফুল্লাহ নাঈম ও নাবিল চোকদার। প্রথম দুজনের পক্ষে আইনজীবী মো. নাসির উদ্দিন এবং তৃতীয়জনের পক্ষে আইনজীবী লাকী আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

পরে মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মুন্সিগঞ্জ সদর থানায় করা ওই মামলার এজাহার অনুসারে তিন আসামিকে চলতি বছরের ৩০ জানুয়ারি আটক করা হয়। অথচ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গাজী সালাহউদ্দিন তিন আসামিকে গ্রেপ্তার দেখাতে ও রিমান্ডের জন্য চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের আদালতে আবেদন করেন। অর্থাৎ আটকের সাত দিন পর তিন আসামিকে নিম্ন আদালতে হাজির করা হয়। আইনের বিধান অনুসারে কাউকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। বিষয়টি নজরে এলে হাইকোর্ট মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গাজী সালাহউদ্দিনকে লিখিত ব্যাখ্যা জানাতে ১২ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন।

আইনজীবীদের তথ্যমতে, বিস্ফোরক দ্রব্য, উসকানিমূলক বই, প্রচারপত্রসহ চলতি বছরের ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের দক্ষিণ পাশে একটি ফ্ল্যাট থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করে র‍্যাব। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে তিন আসামি হাইকোর্টে জামিন চান। এর পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর হাইকোর্ট তাঁদের জামিন প্রশ্নে রুল দিয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলেন। আজ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা র‍্যাব-২–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আদালতে হাজির হন।

আইনজীবী নাসির উদ্দিন জানান, র‍্যাব আসামিদের থানা–পুলিশের কাছে সোপর্দ করে এবং তখন গাজী সালাহউদ্দিন ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বলে জানান মনিরুজ্জামান। পরে আদালত ওই আদেশ দেন।