আটকের দেড় ঘণ্টা পর ইউপি ভবন থেকে লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে জাফর শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করার দেড় ঘণ্টা পর ইউপি ভবন থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান শামীম মোল্লার নির্দেশে ওই ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ইজাহার মল্লিকের ছেলে জাফর শেখকে তাঁর বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আটক করা হয়। ইউনিয়নের দফাদার আবদুর রব এবং চৌকিদার গোবিন্দ কুমার দাস ও উৎপল মাহুত তাঁকে আটক করে ইউপি ভবনের দোতলায় একটি কক্ষে আটকে রাখেন।
চেয়ারম্যান শামীম মোল্লা বলেন, ‘জাফর শেখ একজন দাগি চোর ও ডাকাত প্রকৃতির লোক। বৃহস্পতিবার তিনি তাঁর মা মনোয়ারা বেগমকে জমি বিক্রি করে টেম্পো কিনে দেওয়ার বায়না ধরেন এবং একপর্যায়ে দা দিয়ে কোপাতে যান। মনোয়ারা বেগম এর বিচার চেয়ে আমার কাছে আবেদন করলে আমি জাফরকে ধরিয়ে এনে ইউপি ভবনে আটকে রাখি। কিন্তু জাফর ওই ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।’ তবে মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যানের কাছে ছেলের বিরুদ্ধে কোনো নালিশ করিনি। চেয়ারম্যানই দফাদার-চৌকিদার দিয়ে ধরে নিয়ে আমার ছেলেকে পিটাইয়া মাইরা ফেলাইছে। আমি এর বিচার চাই।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, জাফরের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।