আটকের পর আসামিকে ছেড়ে দিল পুলিশ
নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলার আসামিকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে নলদী ইউনিয়নের চরবালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের রহিম মোল্লার বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় রহিম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সাইফুদদৌলা।
রহিম মোল্লার চাচা রাফু মোল্লা বলেন, ‘এসআই সাইফুদদৌলাসহ সাদা পোশাকে পাঁচজন পুলিশ ডাকাতির ঘটনায় অভিযুক্ত মাহমুদ শেখকে রাত আটটার দিকে চরবালিদিয়া গ্রামের ফুলমিয়ার বাড়ি থেকে আটক করেন। এর কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেন। এরপর পুলিশের সঙ্গে থাকা বাদী পক্ষের লোকজনকে ধাওয়া করেন অভিযুক্তের স্বজনেরা। একপর্যায়ে চান মিয়াকে (রহিমের ছোট ভাইয়ের বন্ধু) ধরে ফেলেন তাঁরা। এরপর তাঁকে বেধড়ক পেটানো হয়। এ সময় পুলিশ সদস্যরা চলে যান। প্রায় দুই ঘণ্টা পর এসআই মো. সাইফুদদৌলার নেতৃত্বে পুলিশ সদস্যরা চান মিয়াকে উদ্ধার করেন।’ জানা গেছে, মাহমুদ শেখ শালনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
মাহমুদ শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আটক করার পর দারোগা সাইফুদদৌলা আমার কলার ধরে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর কেন আমাকে ছেড়ে দিল, তা পুলিশই বলতে পারবে। কারা চান মিয়াকে মারধর করেছে, তা আমি জানি না।’ এসআই সাইফুদদৌলা বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে চরবালিদিয়ায় আমরা মাহমুদকে আটক করতে যাই। এ সময় সঙ্গে থাকা বাদী পক্ষের লোকজন আগে গিয়ে তাকে ধরে ফেলে। এতে মাহমুদের স্বজনদের সঙ্গে বাদী পক্ষের লোকজনের মারামারি হয়। এ সুযোগে মাহমুদ সরে পড়ে। আমরা মাহমুদকে আটক করতে পারিনি। ঘণ্টা খানেক পর চান মিয়াকে উদ্ধার করি।’