আটকের পর ছাত্রলীগ নেতার খোঁজ নেই
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এরপর থেকে তোফায়েলের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া শহরের রূপালী ব্যাংকের কাছ থেকে তোফায়েলকে পুলিশ আটক করে নিয়ে যায়। তিনি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘তোফায়েলকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিয়ে গেছে। তবে তাঁকে কেন নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বা তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, তা এখনো জানা যায়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি এখনো স্পষ্ট করে জানতে পারিনি। একজন গোয়েন্দা কর্মকর্তা শুধু জানিয়েছেন, তোফায়েলের নামে প্রতারণা-সম্পর্কিত অভিযোগ রয়েছে।’
তোফায়েলের চাচা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিয়াজউদ্দিন বলেন, রাত ১০টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে পুলিশের ৮-১০ জন সাদাপোশাকের সদস্য রূপালী ব্যাংকের পাশে এসে নামেন। তাঁদের মধ্যে ৪-৫ জন তোফায়েলকে তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে মাইক্রোবাসে তুলে নেন। অন্যরা গ্রামের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তোফায়েলের মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যান। ডিবি পুলিশ তাঁকে আঠারবাড়ি-ময়মনসিংহ সড়কের দিকে নিয়ে যায় বলে জেনেছেন তাঁরা।
রিয়াজ উদ্দিন আরও বলেন, ‘তোফায়েলকে ধরে নিয়ে গেলেও কোনো অভিযোগের কথা জানায়নি পুলিশ। বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়ির লোকজন পুলিশের কাছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ শুধু বলেছে চুপ থাকতে। বিষয়টি নিয়ে চিন্তায় আছি।’