আটকের পর জেলহাজতে আল্লাহর দলের ৩ সদস্য
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি ককটেল ও দুটি রাম দা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকার রায়পুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। বিকেলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে ওই তিনজনের পরিবারের দাবি, সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেয়ে গতকাল বুধবার রাতে রংপুর কারাগার থেকে ছাড়া পান তাঁরা। কিন্তু কারাগারের বাইরে সাদা পোশাকের পুলিশ তাঁদের আবার আটক করে।
ওই তিনজন হলেন কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন (৩০), সিঅ্যান্ডবি ঘাট এলাকার জাবেদ আলী (২৪) ও রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মনোয়ার হোসেন (৩৪)। পুলিশ সূত্রে জানা যায়, আজ ওই তিনজনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাজাপ্রাপ্ত জাবেদ আলীর বড় ভাই আবেদ আলী জানান, সাজাপ্রাপ্ত আসামিদের সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হয়। গতকাল বুধবার রংপুর আদালতে কোর্টের কাগজ পৌঁছালে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু রংপুর কারাগার থেকে বের হলে সাদা পোশাকের পুলিশ তাঁদের আবার আটক করে।
পুলিশ আরও জানায়, ২০১১ সালের ১১ এপ্রিল জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান মতিন মেহেদী এবং তাঁর সহযোগী হিসেবে আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও জাবেদ আলীকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী হায়দার ওই রায় দেন।
২০০৭ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ার তোতা হাজির বাড়ি থেকে কথিত আল্লাহর দলপ্রধান মতিন মেহেদী এবং সহযোগী জোবায়েদ আলী, মনোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।