আটকের পর বাম মোর্চার ১৫ নেতা কর্মীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে অনুমতি না নিয়ে সমাবেশ করার অভিযোগে গতকাল বুধবার বিকেলে গণতান্ত্রিক বাম মোর্চার ১৫ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তবে রাতে জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে কোনো অনুমতি না নিয়ে গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা সমাবেশ শুরু করেন। একপর্যায়ে পুলিশ বাধা দেয়। পুলিশ নেতা-কর্মীদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানায়। পরে সেখান থেকে ১৫ নেতা-কর্মীকে আটক করে মিরপুর থানায় নেওয়া হয়।সাভারের রানা প্লাজাসহ বিভিন্ন পোশাক কারখানার নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, দায়ীদের শাস্তিসহ ১০ দফা দাবিতে সমাবেশের আয়োজন করে বাম মোর্চা।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, সমাবেশের জন্য বাম মোর্চার নেতারা পুলিশের অনুমতি নেয়নি। এ কারণে নেতা-কর্মীদের আটক করে মিরপুর থানায় নেওয়া হয়। বাম মোর্চার নেতারা দাবি করেছেন, পুলিশ তাঁদের মোট ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছিল। তাঁদের মধ্যে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাসির উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, আবু বকর রিপন, হারুনুর রশিদ মাহমুদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কিরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য সাদিক রেজা প্রমুখ। গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের ক্ষোভ থেকে পোশাক কারখানার মালিকদের রক্ষা করা, মার্কিনদের সঙ্গে টিকফা চুক্তি এবং ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সরকারের দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে যাতে আন্দোলন গড়ে উঠতে না পারে, সেটাই সমাবেশ বন্ধের আসল কারণ।