আটকের পর ৪৫ জন রোহিঙ্গাকে ফেরত
অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকা থেকে গত বৃহস্পতিবার ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকা দিয়ে টেকনাফে অনুপ্রবেশ করার সময় কোস্টগার্ড সদস্যরা দুটি ডিঙি নৌকাসহ ১৭ জন রোহিঙ্গাকে আটক করে। একই সময় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ১০ জন রোহিঙ্গাসহ আরেকটি নৌকা আটক করে বিজিবি। এ ছাড়া একই দিন শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া এলাকা থেকে পাঁচজন, সাবরাং ৪ নম্বর স্লুইসগেট এলাকা থেকে চারজন, হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকা থেকে পাঁচজন ও উনচিপ্রুং এলাকা থেকে চারজন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের হাঁড়িপাড়া, সিকদারপাড়া, বলি-বাজার, ফাতংজা ও মংনিপাড়ার বাসিন্দা।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ও কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করেন। তাঁরা জানান, বৃহস্পতিবার বিকেলেই আটক ৪৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তাঁরা আরও জানান, সীমান্ত এলাকাজুড়ে বিজিবি ও কোস্টগার্ডের টহল এবং নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে রোহিঙ্গারা এখনো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে কড়া নজরদারি থাকায় তারা ধরা পড়ছে।