চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ভারতের দুজন নাগরিকের আহত হওয়ার ঘটনায় আটকের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা গিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। তবে ওসি বলছেন, আটকের সংখ্যা চারজন।
গত সোমবার রাতে সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ভারতীয় নাগরিক মূল চান্দ সিং ও ভুপেন্দর সিং আহত হন। এ সময় তাঁরা চট্টগ্রাম থেকে মাইক্রোযোগে ঢাকায় ফিরছিলেন।
পুলিশ জানায়, ঘটনার পরদিন সকালে হামলার সঙ্গে জড়িত সন্দেহে এমরুল ইসলাম ওরফে সাজু (১৯) ও আকতারুজ্জামান বাবলু (২২) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বলেন, মঙ্গলবার রাতে মোশাররফ হোসেন (২০) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। ওই তিন ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দুজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে।