আটকের সময় হামলাকারী জঙ্গিসহ 'বন্দুকযুদ্ধে' নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে আটকের সময় পুলিশের ওপর হামলাকারী নব্য জেএমবির সদস্য আমিজুল ইসলাম ওরফে আল আমিন ওরফে রনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গত বুধবার রাতে বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও সুন্দরবনে র্যা ব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরও তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক ডাকাত ও এক মাদক ব্যবসায়ী এবং সুন্দরবনে নিহত ব্যক্তি বনদস্যু বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যা ব ও পুলিশ।
বগুড়া, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি এবং বাগেরহাট থেকে সংবাদদাতা জানিয়েছেন বিস্তারিত:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আমিজুল ইসলাম ওরফে আল আমিন ওরফে রনি (২৩)। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (নব্য জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান ছিলেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের দুরুল হুদার ছেলে।
বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার রাতে আমিজুলকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে আটক করা হয়েছিল। এ সময় তাঁর ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আবদুস সালাম ও ইসমাইল হোসেন গুরুতর আহত হন।
পুলিশের ভাষ্যমতে, জঙ্গি আস্তানায় অস্ত্রের সন্ধানে বুধবার রাতে আমিজুলকে সঙ্গে নিয়ে পুলিশ অভিযানে নামে। এ সময় ভবানীপুর এলাকায় একটি ব্রিজের কাছে জঙ্গিরা আমিজুলকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন আমিজুল। অন্যরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আমিজুল মারা যান। গতকাল বিকেল পর্যন্ত তাঁর লাশ নিতে পরিবারের কেউ আসেনি। বন্দুকযুদ্ধের সময় শেরপুর থানার পুলিশ কনস্টেবল ওমর ফারুক ও মো. আলাউদ্দিন আহত হন। তাঁদের বগুড়ার পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শেরপুর উপজেলার জুয়ানপুর কুঠিরভিটা গ্রামে গত বছর জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফারণে দুই জঙ্গি নিহত হয়। ওই আস্তানায় যাতায়াত ছিল আমিজুলের।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে নুরু (৪০) নামের এক মাদক ব্যবসায়ী এবং বুলবুল ইসলাম ওরফে বুইল্লা নামের এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল ভোরে বিজয়নগরের খেতাবাড়ি গ্রাম ও একই উপজেলার মিরাসানি গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, বিজয়নগর উপজেলার মিরাসানি বাজারের উত্তর পাশে রেললাইন এলাকায় মাদকের একটি চালান বুঝে নিচ্ছিলেন নুরু ও তাঁর লোকজন। এ সময় পুলিশের একটি দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, চারটি ছুরি, তিনটি রামদা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। আহত নুরুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নুরুল ইসলামের বড় ভাই আলম মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁর ভাই মাদক ব্যবসায়ী ছিলেন না।
পুলিশ জানায়, একই রাতে প্রায় একই সময়ে খেতাবাড়ি নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বুলবুল ইসলাম ওরফে বুইল্লা (৪২) ও তাঁর সহযোগীরা। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বুলবুল। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, বুলবুল বিজয়নগর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে বুলবুল ইসলামের দুই স্ত্রী হোসনা বেগম ও ববিতা বেগম প্রথম আলোকে বলেন, গোলাম নামে এক লোক বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সেফপাড়ার বাড়ি থেকে বুলবুলকে ডেকে নিয়ে যায়। সকালে তাঁরা জানতে পারেন, বুলবুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সুন্দরবনে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বনদস্যু শামসু বাহিনীর সদস্য বিল্লাল মীর (৩০)। গতকাল সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যা ব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার উজ জামানের ভাষ্যমতে, দস্যু দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যা বের একটি দল জেলেদের নিয়ে সুন্দরবনের দুবলারচরে যাচ্ছিল। পথে শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় দস্যুরা র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষায় র্যা বও পাল্টা গুলি চালায়। এতে দস্যুরা গহিন বনে পালিয়ে যায়। পরে স্থানীয় জেলেদের নিয়ে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ মরদেহ এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭৭টি গুলি উদ্ধার করা হয়।
আনোয়ার উজ জামান বলেন, মরদেহটি বনদস্যু শামসু বাহিনীর সদস্য বিল্লাল মীরের বলে জেলেরা শনাক্ত করেছেন। জেলেদের কাছে তিনি দস্যু কানা বিল্লাল নামে পরিচিত ছিলেন।