আটঘরিয়ার আওয়ামী লীগের নেতাকে ঈশ্বরদীতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা (৪২) গত বুধবার রাতে ঈশ্বরদীতে খুন হয়েছেন। ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে তাঁর শ্বশুরবাড়ি।সালামের স্বজনদের দাবি, দুর্বৃত্তরা সালামকে হত্যা করেছে। এ অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাঁর স্ত্রী রাজিয়া খাতুন ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গত বুধবার রাতে টেলিফোনে একজন অজ্ঞাতনামার কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দাশুড়িয়ার মালিথা ফিলিং স্টেশনের কাছে ঈশ্বরদী-নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে সালামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, সালাম মোটরসাইকেল চালিয়ে মুলাডুলি বইমেলা থেকে তাঁর শ্বশুরবাড়ি দাশুড়িয়ায় ফিরছিলেন। সালামের মাথার বাঁ পাশে আঘাত ও গভীর ক্ষতের চিহ্ন ছিল।