আটঘরিয়ায় কাজে অনিয়ম ধরায় পিআইও লাঞ্ছিত
পাবনার আটঘরিয়া উপজেলার গারুলিয়া গ্রামে কর্মসৃজন প্রকল্পের কাজে অনিয়ম ধরায় গত শনিবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শ্রমিকদের দিয়ে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার লক্ষ্মীপুর ইউনিয়নের গারুলিয়া-দাপুনিয়া সড়কে কর্মসৃজন প্রকল্পের মাটি ভরাটের কাজ চলছিল। বিকেলে পিআইও আল আমিন সরকার কাজ পরিদর্শনে গিয়ে দেখতে পান, মাস্টাররোলে ৬০ জন শ্রমিকের নাম থাকলেও ইউপি সদস্য আবদুল মাজেদ ২৫ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন।পিআইও শ্রমিকদের কাজ বন্ধ করে আবদুল মাজেদকে ডেকে আনতে বলেন। এতে শ্রমিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে পিআইওকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।তবে অভিযোগ অস্বীকার করে আবদুল মাজেদ বলেন, কাজ পরিদর্শনে এসে প্রকল্প কর্মকর্তা শ্রমিকদের কাছে ঘুষ দাবি করেছিলেন। এ কারণেই শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঞ্ছিত করেছেন।