নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতা-কর্মীর হত্যা মামলায় গতকাল রোববার জামায়াতের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো জামায়াত নেতা-কর্মীরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনাম, জামায়াত কর্মী মনিরুজ্জামান (২৮), ইব্রাহিম ইসলাম (৩৫), আশরাফুল (২৬), আবদুল সালাম (৪২), আলমগীর হোসেন (৩৫), আবুল বাশার (৩৮) ও আবদুল মালেক কাজী (৪৫)।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ওই আট আসামি গতকাল দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।