আটজনকে জড়িয়ে জবানবন্দি দিয়েছেন আবুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ের বাংলোয় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. আবুল হোসেন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি সহযোগী আটজনকে জড়িয়ে ঘটনার বর্ণনা দেন।গত ১৭ মে রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের বাংলোয় ডাকাতেরা ঢুকে নগদ অর্থ ও মালামাল লুট করে। এ বাংলোয় মহাব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান যান্ত্রিক প্রকৌশলী, প্রধান তড়িৎ প্রকৌশলী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং পাহাড়তলী কারখানার তত্ত্বাবধায়ক থাকতেন। ঘটনার সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী ছাড়া কেউ বাংলোয় ছিলেন না। পরে লিয়াকত আলী বাদী হয়ে নগদ দুই লাখ টাকা ও কিছু মালামাল লুটের কথা উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। কিন্তু এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন পুলিশকে বলেছে, তারা মহাব্যবস্থাপকের বাংলো থেকে থলেভর্তি ১৩ লাখ টাকা লুট করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে রেলওয়ের একজন ঊর্ধ্বতন প্রকৌশলীর বাসায় ডাকাতি হয়েছিল। সে সময় এক কোটি টাকা নিয়ে গিয়েছিল একই ডাকাত দল। ঘুষের টাকা লুট হওয়ায় ওই প্রকৌশলী বিষয়টি পুলিশকে জানানোর সাহস পাননি। তিনি এখন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। গত ১৭ মে রাতে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে আবুল হোসেনকে ৮ জুন চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে জবানবন্দিতে তিনি বলেন, ‘১৮ মে ভোর চারটায় আমাকে ঘুম থেকে তোলে জনি, লিয়াকত, বেলাল, সুমন, মিজান, মানিক, হাতকাটা জাফর ও মোশাররফ। তারা আমাকে দুটি থলে দিয়ে রাখতে বলে। থলেতে কী আছে জানতে চাইলে মোশাররফ বলে, “আমরা সিআরবিতে (কেন্দ্রীয় রেল ভবন) গেছি। এতে টাকা আছে”।’আবুল হোসেন আরও বলেন, ‘বেলাল আমার তালতো (বেয়াই) ভাই। তার মাধ্যমে অন্যদের সঙ্গে আমার পরিচয় হয়। ওরা আমার কাছে মালামাল রাখতে দিলে রাখি। এ সময় বেলাল আমাকে ৩০ হাজার টাকা দেয়। আমার কাছে ওরা যে থলে রাখতে দেয়, তাতে এক লাখ টাকা ও একটি কম্পিউটার ছিল। আর প্রত্যেকে ডাকাতি করে পাওয়া এক লাখ টাকা করে ভাগ করে নেয়।’আবুল হোসেন বলেন, ‘লিয়াকত গ্রেপ্তার হওয়ার পর পুলিশ মানিককে নিয়ে আমার বাসায় আসে। এরপর আমি পুলিশকে ওদের আড্ডা দেওয়ার জায়গা ঝরনাপাড়া দেখিয়ে দিই। ওই জায়গা থেকে পুলিশ চারটি গুলি ও চারটি বোমা উদ্ধার করে।’পুলিশ সূত্র জানায়, রেলের বাংলোয় ডাকাতির ঘটনায় লিয়াকত, সুমন ও বেলাল তিন দিন করে রিমান্ডে আছেন। আজ বুধবার তাঁদের রিমান্ডের মেয়াদ শেষ হচ্ছে। বেলাল গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের বলেছিলেন, ২০০৭ সালে জরুরি অবস্থায় আরেকবার রেলওয়ের বাংলোয় ডাকাতি হয়। ওই সময় ডাকাতেরা বাংলোর একটি কক্ষ থেকে এক কোটি ১৭ লাখ টাকা লুট করে।