আটজনের চারজনই ধার-দান নিয়ে নির্বাচন করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আটজনের চারজনই ধার-দান নিয়ে নির্বাচন করছেন। অন্য চারজন নিজের টাকায় নির্বাচন করছেন। নির্বাচন কমিশনে দাখিল করা নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের সম্ভাব্য খাত পর্যালোচনা করে এসব জানা যায়।
১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের (১, ২ ও ৩) তিনজন প্রার্থীর মধ্যে শামসুন্নাহার লিলি ব্যবসা ও কৃষি খাত থেকে তাঁর আয়ের ৫৫ হাজার টাকা ব্যয় করবেন। সেলিনা বেগম ব্যবসা থেকে আয়ের ৪০ হাজার টাকা ব্যয় করবেন। অপরজন নাসরিন খাতুন মোট ৪০ হাজার টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের চাকরির আয় থেকে ১০ হাজার, চাকরিজীবী ভাইয়ের কাছ থেকে ধার বাবদ ১০ হাজার ও স্বামীর কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে ২০ হাজার টাকা নিয়ে ব্যয় করছেন তিনি। নির্বাচনী ক্যাম্প, লিফলেট, পোস্টার, ব্যানার, যাতায়াতসহ বিভিন্ন খাতে তাঁরা এ টাকা ব্যয় করছেন।
২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৪, ৫ ও ৬) তিন প্রার্থীর মধ্যে দুজনই নিজের টাকায় নির্বাচন করছেন। লাকী খাতুন নিজের ৪৫ হাজার টাকা ও হাফিজা খাতুন নিজের ব্যবসার ৪৫ হাজার টাকা বিভিন্ন খাতে ব্যয় করছেন। অপর প্রার্থী মাছুমা খাতুন নিজের ২৫ হাজার, স্বামীর কাছ থেকে ধার বাবদ পাঁচ হাজার ও মায়ের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাঁচ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা ব্যয় করছেন।
৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (৭, ৮ ও ৯) দুজন প্রার্থীই ধার ও দান নিয়ে নির্বাচন করবেন। বর্তমান কাউন্সিলর হাসনাহেনা নিজের ২০ হাজার, চাচাশ্বশুরের কাছ থেকে ধার হিসেবে ১০ হাজার ও আরেক চাচাশ্বশুরের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে ১০ হাজারসহ মোট ৪০ হাজার টাকা ব্যয় করছেন। অপর প্রার্থী নাজমা খাতুন নিজের ৩০ হাজার, ধার হিসেবে ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার ও স্বামীর কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে সাত হাজারসহ মোট ৪২ হাজার টাকা ব্যয় করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থী সর্বোচ্চ ৫৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন।