আটজনের দাফন, গ্রামজুড়ে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রুপশপুর গ্রামের একই পরিবারের চারজনসহ আটজনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আরোহী রুপশপুর গ্রামের হাদিউর রহমানের পরিবারের চারজনসহ আটজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন হাদিউর (৬০) ও তাঁর ছেলে আবু সুফিয়ান (২৬), হাদিউরের ভাই মতিউর রহমান (৪২), মতিউরের ছেলে আলী হোসেন (১২), আবু সুফিয়ানের মামা আবদুল হান্নান (৫৮)। অন্য তিনজন হলেন রুপশপুর গ্রামের দুরুদ মিয়া (৫৫), মুকিত চৌধুরী (৬৫) ও সাইদুর রহমান (৪৫)।

ঢাকার নাখালপাড়ার স্থানীয় একটি মসজিদের ইমাম আবু হানিফের মেয়ের সঙ্গে হাদীউরের বড় ছেলে আবু সুফিয়ানের গতকাল বিয়ের কথা ছিল। বরযাত্রীরা মাইক্রোবাসে করে নাখালপাড়া যাচ্ছিল।

আটজন নিহত হওয়ার খবরে রুপশপুর বাজারসংলগ্ন দিঘিরপাড় কবরস্থানে সারিবদ্ধভাবে আটটি কবর খুঁড়ে রাখে গ্রামবাসী। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আটজনের লাশ গ্রামে আসে। এ সময় গ্রামটিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। অনেকে কান্নায় ভেঙে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে গ্রামের ছোট বাজারে আটজনের জানাজা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। পরে আটজনকে দাফন করা হয়।

গতকাল রাতে আবু সুফিয়ানের মা জরিনা বেগম আহাজারি করতে করতে বলেন, এমন দুর্ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।