চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গ্রামের একটি চায়ের দোকানে গত ২৪ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে আগুন লাগে। রান্নার চুলা থেকে লাগা ওই আগুনে পুড়ে নিহত হয় দোকানের কর্মচারী সুমন (১৫)। গুরুতর আহত হয় আরেক কর্মচারী তপন (১৪)। দুজনই ওই দোকানে ঘুমাচ্ছিল।গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলায় আগুনে পুড়ে মারা গেছে আটজন। পাশাপাশি আগুনে পুড়েছে ২৪ কোটি ১০ লাখ ৪১ হাজার ৫০ টাকার সম্পদ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যায় ১৩টি জীবজন্তু।দমকল বাহিনী সূত্র জানায়, গত বছর চট্টগ্রাম জেলায় মোট এক হাজার ৫৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বৈদ্যুতিক গোলোযোগের কারণে সর্বোচ্চ ৪০৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সংখ্যা ১৯৯। জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে ১৩৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ২০১১ সালের চট্টগ্রাম জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক হাজার ৯৫টি। ওই সময় নিহত হয় নয়জন। ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৪১ কোটি টাকা।দমকল বাহিনীর বিভাগীয় কার্যক্রমের বার্ষিক পরিসংখ্যান থেকে দেখা যায়, বৈদ্যুতিক গোলোযোগ, চুলার আগুন, জ্বলন্ত সিগারেটের টুকরো, খোলা বাতি ব্যবহার, যন্ত্রপাতির ঘর্ষণসহ মোট ১৭টি কারণে গত বছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।২০১২ সালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বৈদ্যুতিক গোলোযোগ থেকে সৃষ্ট আগুনে। এতে প্রায় ১৩ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ৯৫০ টাকার সম্পদ নষ্ট হয়েছে। চুলার আগুনে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতি হয় চার কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকার। উচ্ছৃঙ্খল জনতা বিভিন্ন সময় ২৩টি স্থানে আগুন দিলে ক্ষতি হয় এক কোটি ১২ লাখ ৯০ হাজার টাকার সম্পদের।দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগার ঘটনা একটু সচেতন হলেই এড়ানো যায়। বেশির ভাগ ক্ষেত্রে দেখেছি, ভুল পদ্ধতি অনুসরণ করায় এ ধরনের ঘটনা ঘটে। উন্মুক্তভাবে বৈদ্যুতিক তার সংযুক্ত না করে ভবনের দেয়ালের ভেতর দিয়ে সংযুক্ত করলে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেক কমে যায়; পাশাপাশি আর্থিং না থাকা এবং ত্রুটিপূর্ণ সংযোগের কারণে ভোল্টেজের ওঠানামা থেকেও আগুন লাগে।’সতর্কতাই অগ্নিকাণ্ড থেকে মুক্ত থাকার প্রধান উপায় উল্লেখ করে জসিম উদ্দিন আরও বলেন, বস্তি এলাকায় রান্নার চুলা ও জ্বলন্ত সিগারেট থেকে আগুন বেশি লাগে। অসতর্কতাই এসব ঘটনার মূল কারণ। একটু সতর্ক থাকলেই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অনেক কমে আসবে।