নড়াইলের লোহাগড়ায় গাছের সঙ্গে বেঁধে এক তরুণীকে নির্যাতনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এজাহারভুক্ত সাতজনের সঙ্গে আরও একজনকে অভিযুক্ত করে আটজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়।
২০ জুন নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাজহারুল ইসলামের আদালতে (লোহাগড়া আমলি আদালত) এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন শফিকুল শেখ, তাঁর ভাই হাসান শেখ, বাবা ছালাম শেখ, মা জিরিন আক্তার, চাচা কালাম শেখ ও হিরু শেখ, প্রতিবেশী নান্নু মোল্লা এবং কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান।
আসামিদের মধ্যে আজিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিনে আছেন। অন্য আসামিরা বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। নির্যাতনের শিকার তরুণীর পরিবারের বিবরণ অনুযায়ী, কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের সেনাসদস্য শফিকুল শেখের সঙ্গে একই ইউনিয়নের ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২১ নভেম্বর দুজনের বিয়ে হয়। এটা মেনে নেয়নি শফিকুলের পরিবার।