আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ গঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ অভিযোগ গঠন করেন।

মামলার আট আসামির মধ্যে পাঁচজন কারাগারে ও তিনজন পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

এর আগে একই বিচারক ১ সেপ্টেম্বর এ মামলাটি শিশু আদালতে স্থানান্তরে মৌখিক নির্দেশ দিয়েছিলেন। আইনি বাধ্যবাধকতার কারণে গতকাল মামলাটি স্থানান্তর না করে একই বিচারক নারী-শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করেন বলে জানান সরকারি কৌঁসুলি আবুল হাসেম মোল্লা মাসুম।

আদালত সূত্রে জানা গেছে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি আব্দুল আলী, তাঁর ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তাঁদের প্রতিবেশী ও আত্মীয় আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে। শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

 নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) আবুল হাসেম মোল্লা জানান, আসামি আরজু মিয়ার পক্ষে গতকাল জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন। ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮), মনির মিয়া (৭) ও তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের (১০) অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। ওই শিশুরা ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৬ তারিখ এ ঘটনায় বাহুবল থানায় কারও নাম উল্লেখ না করে নিখোঁজের মামলা করা হয়েছিল। লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে গত ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।