আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্ত্রীসহ চারজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান গত বুধবার জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৫০ জনকে সাক্ষী রাখা হয়েছে। অভিযুক্ত আটজন হলেন পিরোজপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের বড় স্ত্রীর ছেলে শাহাদাত হোসেন, নিহত শামীমা বেগমের খালাতো ভাই রাজীব, তাঁর বন্ধু সোহেল ওরফে সোহাগ ও আশরাফ, বাড়ির নিরাপত্তাকর্মী আবদুস সাত্তার, গাড়িচালক আবুল বাদশা, নাছিরউদ্দিন মিঠু (পলাতক) ও অয়ন কিবরিয়া (পলাতক)। এ মামলায় শামীম রেজাসহ পাঁচজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের দেওয়া জবানবন্দির পরিপ্রেক্ষিতে ১০ জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়। এর মধ্যে চেয়ারম্যানের ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে এবং মৃত্যুর কারণে শামীম রেজাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশের নির্যাতনে শামীমের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে একাধিক মামলার আবেদন করেছে শামীমের পরিবার।পুলিশের নির্যাতনে শামীম রেজার মৃত্যুর অভিযোগ ওঠার পর সোনারগাঁ থানার উপপরিদর্শক পল্টু ঘোষ ও বি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) উত্তম প্রাসাদ পাঠককে প্রত্যাহার করা হয়। পরে ডিবিকে মামলাটির তদন্তভার দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ঝাউচরের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় গত ১৯ এপ্রিল রাতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম, শ্যালক কুতুবুদ্দিন রানা ও দুই গৃহপরিচারিকা রেখা ও মনিকে গলা কেটে হত্যা করা হয়।