শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাকিমকে ফাঁসাতে তাঁর বাসায় গ্রেনেড রাখার ঘটনায় আটজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে বিএনপির নেতা আবদুল হাকিম ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪(খ) ধারায় মামলাটি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি রেজাউল করিম, আবদুল আলীম, মো. মানিক, নান্ডা মিয়া ও কামরুজ্জামানকে শ্রীবরদী থানার পুলিশ গতকাল রোববার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত আজ সোমবার রিমান্ডের ওপর শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির নেতা আবদুল হাকিমের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি ছাড়াও অন্য তিন আসামি হলেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল বেরুনী আবু রায়হান (৩০), আইলাকান্দা গ্রামের মজিবর রহমান ব্রিটিশের ছেলে বাবুল ওরফে বাবলু (৪২) ও বালিজুরি গ্রামের মৃত আসমত আলীর ছেলে মো. নুরুল হক (৫০)। বর্তমানে এই তিন আসামি পলাতক রয়েছেন।মামলায় বিএনপির নেতা আবদুল হাকিম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের ক্ষতির লক্ষ্যে উত্তর বাজার এলাকার বাসায় উদ্ধারকৃত গ্রেনেডটি রেখে যায়। শনিবার ভোরে র্যাবের সদস্যরা গ্রেপ্তারকৃত পাঁচ আসামির দেখানো স্থান থেকে গ্রেনেডটি উদ্ধার করেন।