‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের আট সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় র্যা বের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম গতকাল রোববার শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র্যা ব। এই মামলায় মোবাশ্বের হোসেন, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, আমির হোসেন, আজিজুল হক, মো. আবদুল্লাহ, রাকিব হাসান ও মো. শামসুদ্দীনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। একই সঙ্গে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে আসামিরা বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ছিলেন।