আটজনের সাক্ষ্য গ্রহণ, আজ একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি নাগরিক হত্যা
জাপানি নাগরিক হত্যা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল রোববার আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আজ সোমবার একজনের সাক্ষ্য গ্রহণ হওয়ার পর এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আদালত সূত্র জানিয়েছে।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল দিনভর সাক্ষ্য গ্রহণ শেষে বিকেলে সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক সাংবাদিকদের জানান, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে প্রমাণিত হয়েছে যে জেএমবি জঙ্গি সদস্য মাসুদ রানাসহ অন্যরা এই হত্যাকাণ্ডে ছিলেন। মাসুদ রানা ও ইছাহাক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও হত্যার কথা স্বীকার করেছেন।
আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বলেন, গতকাল যে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, তাঁরা হলেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম, রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম, কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ, অস্ত্র বিশেষজ্ঞ জামাল উদ্দিন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ সরকার, লাশের সুরতহাল প্রস্তুতকারী পুলিশ আসাদুজ্জামান, মিরজল হক, সোলেমান।