আটজনের সাফাই সাক্ষ্য নিতে সাকা চৌধুরীর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী তাঁর পক্ষে আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল সোমবার তাঁর পক্ষে এই আবেদন জমা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ প্রসঙ্গে বলেছেন, বিচারের এ পর্যায়ে এসে এ ধরনের আবেদন নজিরবিহীন।
সাকা চৌধুরীর এই আবেদন প্রসঙ্গে গতকাল তাঁর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির সময় আটজনের সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করেছেন। তাঁরা হলেন পাকিস্তানের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মুহাম্মদ মিঞা সুমরু ও সাবেক রেলমন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, পাকিস্তানের ডন মিডিয়া গ্রুপের চেয়ারপারসন আম্বর হারুন সায়গল, পাকিস্তানের স্থপতি মুনিব আরজামান্দ খান ও ভিকারুননিসা নূনের নাতি রিয়াজ আহমেদ নূন, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক এম ওসমান সিদ্দিক, সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইন এবং তাঁর মা জিন্নাত আরা বেগম।
সাকা চৌধুরীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আত্মপক্ষ সমর্থনে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৯ মার্চ পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তিনি করাচি চলে যান। ১৯৭৪ সালের এপ্রিল মাসে ঢাকায় ফেরেন। এর মধ্যে তিনি কখনো বাংলাদেশে আসেননি। এ জন্য সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে আপিল বিভাগ এই আট ব্যক্তিকে সমন দিয়ে এ ব্যাপারে (সাকা চৌধুরীর ওই সময়ে পাকিস্তানে থাকার বিষয়ে) নিশ্চিত হতে পারেন। এতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো যে মিথ্যা ও বানোয়াট, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে।
খন্দকার মাহবুব আরও বলেন, ইতিমধ্যে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যদি আদালত অনুমতি দেন, তাহলে ওই আটজন ব্যক্তি তাঁদের হলফনামায় দেওয়া বক্তব্যের ব্যাপারে আদালতে এসে সত্যতা নিশ্চিত করার ইচ্ছা জানিয়েছেন।
পরে এ আবেদনের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ফৌজদারি মামলায় এমনিতেই পুনর্বিবেচনার সুযোগ খুব কম। সাধারণত আদালতের কোনো ভুল থাকলে পুনর্বিবেচনার সুযোগ থাকে। আর তিনি (সাকা চৌধুরী) এ আবেদন করেছেন নির্ধারিত সময়ের পর। পুনর্বিবেচনার আবেদন করতে ১৫ দিন সময়, তা শেষ হয়ে গেছে। তাই এ আবেদনও তামাদি হয়ে গেছে। এখন এ দরখাস্ত আমলে নিলে অরাজকতা সৃষ্টি হবে। প্রত্যেক আসামি একের পর এক দরখাস্ত করবে। তারপরও সবশেষে সিদ্ধান্ত আদালত নেবেন।
এর আগে ১৪ অক্টোবর ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সাকা চৌধুরী। ১০৮ পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া হয়। পরে পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য দিন নির্ধারণে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে।
১৯৭১ সালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর গত ২৯ জুলাই ট্রাইব্যুনালের ওই রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর সাকা চৌধুরী রায় পুনর্বিবেচনার আবেদন করেন।