আটটি ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় অভিযান চালিয়ে ভোলার লালমোহন উপজেলায় অবৈধভাবে ইট উৎপাদন করা আটটি ভাটাকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে। অভিযান চলাকালে পাঁচটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ইটভাটার মালিকেরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত করতেন। এ ছাড়া যাঁদের অনুমতি রয়েছে, তাঁরাও কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করছেন। ওই ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত শনি ও রোববার ভোলা জেলার নির্বাহী ম্যাজিস্টেট মো. তানজিলুর রহমানের নেতৃত্বে লালমোহনের রায়রাবাদ, আবুগঞ্জ বাজার ও কালিরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
শনিবারের অভিযানে মেসার্স এ আলী ব্রিকসকে ৩৫ হাজার টাকা, রূপালী ব্রিকসকে ৭০ হাজার, ফ্যাশন ব্রিকসকে ৫০ হাজার, জনতা ব্রিকসকে ৪০ হাজার ও মাইসা ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেঙে দেওয়া হয় পাঁচটি ড্রাম চিমনি।
রোববার মা ব্রিকসকে ৫০ হাজার টাকা, ইউনিক ব্রিকসকে ৫০ হাজার ও আকিম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।
গলাচিপায় অভিযান
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরি গ্রামে এসআরএ ব্রিকস নামের একটি ইটভাটাকে গতকাল সোমবার এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফী অভিযান চালিয়ে ইটভাটায় অবৈধ চিমনি ব্যবহার এবং জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানের দায়ে ওই অর্থ জরিমানা করেন। এ সময় সেখান থেকে এক হাজার মণ জ্বালানি কাঠ জব্দ করা হয়।