আটটি এক্স-রে মেশিন গলার কাঁটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে একটি করে এক্স-রে মেশিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অত্যাধুনিক এসব যন্ত্র চালু রাখতে ৪৪০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ও শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ দরকার। হাওরাঞ্চলে এ দুটোর কোনটাই না থাকায় মেশিনগুলো ব্যবহার করা যাচ্ছে না।জানা গেছে, ২০০১-০২ অর্থবছরে ৫০০ এমএম ক্ষমতাসম্পন্ন একেকটি এক্স-রে মেশিন জেলা সদরসহ ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়। দীর্ঘ দিনেও বিদ্যুৎ ও কক্ষের ব্যবস্থা না হওয়ায় দেড় কোটি টাকা দামের এসব মেশিন বারান্দায় বাক্সবন্দী অবস্থায় পড়ে ছিল। পরে সেগুলো হাসপাতালের কক্ষে ঢোকানো হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নিকলী, কুলিয়ারচর, কটিয়াদি ও হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনগুলো চালু করা হয়। কিন্তু লো-ভোল্টেজ ও উন্নতমানের কক্ষ না থাকায় মেশিনগুলো কিছুদিন পর পর বিকল হয়ে যায়। গত দুই বছরে এসব মেশিন সচল করতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। কারণ, সচল হওয়ার কয়েক দিনের মধ্যে মেশিনগুলো আবার নষ্ট হয়ে পড়ে। বর্তমানে ইটনা, অষ্টগ্রাম, নিকলী, মিঠামইন, কটিয়াদি, ভৈরব, পাকুন্দিয়া ও হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেশিনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।সিভিল সার্জন দীন মোহাম্মদ বলেন, লাখ টাকা খরচ করে প্রতিটি মেশিন সচল করার পর কয়েক দিনের মধ্যে আবারও নষ্ট হয়ে যায়। এতে সরকারের অর্থের অপচয় হয়।