আটটি এসিই নষ্ট, রোগীদের হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আটটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সব কটিই এক মাসের বেশি সময় ধরে নষ্ট। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন এখানে চিকিৎসাধীন রোগীরা। হাতপাখার সাহায্যে পোড়া শরীর ঠান্ডা করার আপ্রাণ চেষ্টা তাঁদের স্বজনদের। তবু কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।
একটানা তিন বছর এসিগুলো চলে এলেও মাঝে সংস্কার না করায় প্রায় একই সঙ্গে সব কটি নষ্ট হয়ে গেছে বলে হাসপাতালের পরিচালক দপ্তর সূত্র জানিয়েছে।
বার্ন ইউনিটে ১৪টি শয্যা রয়েছে। বর্তমানে প্রতিটি শয্যাতেই রোগী রয়েছেন। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পুরো ইউনিটজুড়ে গুমোট গরম। রোগীরা যন্ত্রণায় ছটফট করছেন। তাঁদের স্বজনেরাও গরমে অস্থির। তাঁরা হাতপাখা দিয়ে রোগীদের বাতাস করছেন। একেবারে বদ্ধ ঘরে কোনো ভেন্টিলেশন নেই।
রংপুর সদর উপজেলার অগ্নিদগ্ধ নীলিমা রানী (২২) ৩০ মার্চ থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মা নিয়তি রানী বলেন, ‘এক মাসের বেশি সময় হয়া গেল এসি নষ্ট। চিকিৎসার থাকি এইভাবে থাকা আরও বেশি কষ্ট।’
জয়পুরহাটের নুর আলমের স্ত্রী ফাতেমা বেগম (২৭) দুই মাস ধরে এখানে চিকিৎসাধীন। পোড়া শরীরের যন্ত্রণা নিয়ে ফাতেমা বলেন, ‘শরীরটা পুড়ি যায়। এত যন্ত্রণা আর সহ্য হয় না।’
গরম পানিতে ঝলসে গেছে রংপুর শহরের কেরানীপাড়ার গৃহবধূ আফরোজা বেগমের (৪২) শরীর। এখনো ক্ষত সারেনি। তাঁর স্বজন আবদুল বারী বলেন, এত দিন হয়ে গেল এসি নষ্ট হয়েছে। কবে ঠিক হবে তা কেউ জানে না।
এ বিষয়ে জানতে চাইলে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক সহকারী অধ্যাপক মারুফুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধ রোগীদের শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ ছাড়া চিকিৎসাসেবা দেওয়া একেবারেই ঠিক নয়। এভাবে গরমে থাকতে থাকতে রোগীদের ইনফেকশন হওয়ার আশঙ্কা থেকে যায়। নষ্ট এসিগুলো ঠিক করার জন্য পরিচালকের দপ্তরে প্রতিদিনই তাগাদা দেওয়া হয়। কিন্তু তা আর ঠিক হয় না।
হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম রোগীদের চরম দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, নষ্ট এসিগুলো মেরামতের জন্য ঢাকায় একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো খবর নেই। কবে নাগাদ এসিগুলো ঠিক করা হবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।