আটটি গাড়ি উদ্ধার নয়জন গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরে সাঁড়াশি অভিযান চালিয়ে গাড়ি ও যন্ত্রাংশ চুরি-ছিনতাইকারী দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ছিনতাই বা চুরি হওয়া আটটি গাড়ি উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ডিবির একটি দল পল্টন থানার গাড়ি চুরি মামলার আসামি শরিফুল ইসলামকে (২৪) ধানমন্ডির সেন্ট্রাল রোড থেকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে গাড়ি ও যন্ত্রাংশ চুরি-ছিনতাইকারী দলের রিফাত হাসান ওরফে রিগ্যান (২৫), মারুফ হোসেন (২৫), নাঈম (২২) ও নোমানকে (২৪) সিলেট শহর থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন ডিবির আরেকটি দল রাজধানীর উত্তর বাড্ডা থেকে আফতাব ওরফে আকাশকে (৪৫) গ্রেপ্তার করে। ডিবির আরেকটি দল শামীম নামের এক ব্যক্তিকে (৪২) আশুলিয়ার বাইপাইল ভূঁইয়াপাড়া থেকে গ্রেপ্তার করে। একই দিন ডিবির পৃথক একটি দল নগরের ডেমরায় মো. রফিক (৪৮) ও মফিজকে (৪৫) গ্রেপ্তার করে।