আটটি ঘর ভস্মীভূত, ঘুমন্ত শিশু পুড়ে মারা গেছে
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মিনা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আটটি ঘর ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে ওই গ্রামের পান্নু শেখের বাড়িতে আগুন লাগে। সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। ওই আগুন পান্নু শেখের বাড়ির পাশে তাঁর ভাই মশিয়ার শেখ, জালাল শেখ ও সরোয়ার শেখের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওই চারটি পরিবারের আটটি ঘর ভস্মিভূত হয়। আগুন লাগার সময় পান্নু শেখের মেয়ে মিনা ঘরের ভেতর ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন নেভানোর কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ায় মিনার কথা কারো মনে ছিল না।
আগুনে চারটি পরিবারের চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত চারটি পরিবার সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। পান্নু শেখের মেয়ে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যাওয়ায় দরিদ্র ওই পরিবারটি এখন পাগল প্রায়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।