আটটি জনসভা করবে ১৮-দলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১৮-দলীয় জোট। তারা দেশের বিভিন্ন স্থানে আটটি জনসভা করবে। এসব জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেবেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ১৮-দলীয় জোট গণতন্ত্রে বিশ্বাসী। তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চায়। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করা হবে। সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনও তারাই নিয়ে আসবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিএনপি বা ১৮ দলের কোনো অনড় অবস্থান নেই। আমরা বারবার বলছি, আমরা আলোচনা চাই। সংলাপ চাই। কিন্তু সরকার দেশকে সংঘাতের দিকে ঢেলে দিচ্ছে।’

১৮-দলীয় জোটের আটটি জনসভা কর্মসূচি

৮ সেপ্টেম্বর: নরসিংদী

১৫ সেপ্টেম্বর: রাজশাহী

১৬ সেপ্টেম্বর: রংপুর

২২ সেপ্টেম্বর: খুলনা

২৮ সেপ্টেম্বর: বরিশাল

৫ অক্টোবর: সিলেট

এ ছাড়া ঈদুল আজহার পর ঢাকা ও চট্টগ্রামে জনসভা করা হবে। এই দুটি জনসভার তারিখ পরে ঘোষণা করা হবে।

দলে গতিশীলতা আনার জন্য ৩১ আগস্ট পর্যন্ত ১৮-দলীয় জোটের অন্তর্ভুক্ত সবগুলো রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ে সফর করবেন।

এই সময়ে সরকারের আচরণের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত কর্মসূচি আসতে পারে বলেও জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।