চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদারেরা গতকাল বুধবার শেষ দিনে আটটি দরপত্রে অংশ নিতে পারেননি। চট্টগ্রামের দুটি কলেজ ও পাঁচটি স্কুলের ভবন সংস্কারের জন্য এসব দরপত্র আহ্বান করা হয়। এ জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করেছেন একাধিক ঠিকাদার।
ঠিকাদারদের অভিযোগ, নগর ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কারের জন্য ২৮টি পৃথক দরপত্র আহ্বান করা হয়। গতকাল দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বড় অঙ্কের আটটি কাজের দরপত্রে ঠিকাদারেরা অংশ নিতে পারেননি। কারণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় থেকে কোনো ফরম বিতরণ করা হয়নি। এই আটটির দর ছিল ৭৯ লাখ ৮ হাজার টাকা।
ঠিকাদারেরা জানান, কলেজিয়েট স্কুলের ১০ লাখ, চট্টগ্রাম সরকারি হাইস্কুলের ২ লাখ ৯৯ হাজার, মুসলিম হাইস্কুলের দুটি ভবনের যথাক্রমে ৭ লাখ ৩৬ হাজার ও ১৮ লাখ ৮৪ হাজার, নাসিরাবাদ সরকারি স্কুলের ১৯ লাখ ৯৬ হাজার, হাজী মুহম্মদ মুহসীন স্কুলের ৪ লাখ ৯৯ হাজার, সন্দ্বীপ এ বি কলেজের ৩ লাখ এবং চট্টগ্রাম বিএড কলেজের ১১ লাখ ৯৪ হাজার টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। গতকাল দরপত্রগুলোর ফরম বিতরণের দিন ধার্য ছিল।
ঠিকাদারেরা জানান, গতকাল ২৮টির মধ্যে শুধু ২০টি দরপত্রের ফরম বিক্রি করা হয়েছে। এই ২০টির দর ছিল প্রায় ৭৮ লাখ টাকা। বাকি আটটি দরপত্রের একটি ফরমও বিক্রি করা হয়নি। এতে দুর্নীতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঠিকাদার ফয়েজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘আটটি বড় কাজের ফরম বিক্রি করা হয়নি। এতে দুর্নীতির আশঙ্কা করছি আমরা।’ একই অভিযোগ করেছেন ঠিকাদার মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘অতীতেও একই কাণ্ড ঘটেছে। বড় কাজগুলোর দরপত্র গোপনে সমঝোতার ভিত্তিতে বণ্টন হয়ে আসছিল। ছোট কাজগুলোর দরপত্র উন্মুক্ত রাখা হয়। এবারও বড় আটটি কাজের দরপত্রের ফরম বিক্রি করা হয়নি।’
আরেকজন ঠিকাদার নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘দরপত্রের ফরম বিক্রির দিনে নির্বাহী প্রকৌশলী ছুটিতে থাকেন। এবারও তিনি ছুটিতে থেকে এই কাণ্ড ঘটিয়েছেন, যাতে তাঁর ওপর কেউ দায় চাপাতে না পারে।’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন ছুটিতে থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আটটি কাজের দরপত্রের ফরম বিক্রি হয়নি বলে শুনেছি। দরকার হলে ওই আটটি কাজের পুনঃ দরপত্র আহ্বান করব।’