আটটি নির্বাচনী এলাকায় ১৯ জানুয়ারি পর্যন্ত সেনা
দশম জাতীয় সংসদের সহিংসতাপ্রবণ আটটি নির্বাচনী এলাকায় ১৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র পুড়িয়ে দেওয়ার কারণে কমিশন ৩৬টি আসনের পাঁচ শতাধিক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিল। এর মধ্যে বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর পাওয়া ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি হওয়ায় ২৮টি আসনের স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের প্রয়োজন হবে না। তবে ফলাফল নির্ধারণের জন্য ১৬ জানুয়ারি অপর আটটি আসনের ৩৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এ আসনগুলো হলো: যশোর-৫, লক্ষ্মীপুর-১, দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪ এবং বগুড়া-৭।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ গতকাল সাংবাদিকদের বলেন, ওই সব আসনে নির্বাচনের পর যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সে জন্য ১৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
সংরক্ষিত আসনে নির্বাচনের বিষয়ে চিঠি: এদিকে সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় গতকাল দশম সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সাংসদদের চিঠি দিয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, তারা এককভাবে, নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।