আটটি পথে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার হোমনা পর্যন্ত আটটি রুটে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকেরা। বাসমালিকেরা মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেন চার-পাঁচটি বাস।এদিকে আটটি যাত্রাপথে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। যাত্রীদের অনেককে ভ্যান, ট্রাক ও অন্য রুটের বাসে যাতায়াত করতে দেখা যায়।বাসমালিক ও চালকদের ভাষ্যমতে, ঢাকার গুলিস্তান ও সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জের মদনপুর, বারদী, সোনারগাঁ ও মেঘনা; মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এবং কুমিল্লার দাউদকান্দি, হোমনা ও সাচার পর্যন্ত আটটি পথে প্রতিদিন প্রায় ৪০০টি বাস চলাচল করে। এসব বাস থেকে পরিবহন-সন্ত্রাসীরা মালিক সমিতি ও শ্রমিক সমিতির নামে প্রতিদিন বাসপ্রতি ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা চাঁদা আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা বাসচালক ও শ্রমিকদের পিটিয়ে আহত করে।চাঁদাবাজরা ১১ নভেম্বর মহাসড়কের শিমরাইল ও কাঁচপুরে চাহিদা মতো চাঁদা না পেয়ে সোনারগাঁ সুপার সার্ভিস ও গজারিয়া পরিবহন নামের দুটি বাসের দুজন চালককে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে একজনের দুই পা ভেঙে দেয় এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করে।এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়। ওই দুই মামলায় পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করে। তবে চাঁদাবাজির সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ ব্যাপারে ঢাকা, বারদী, মেঘনা, দাউদকান্দি রুটের বাস মালিক সমিতির সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, ‘প্রতিদিন আটটি রুটের প্রায় ৪০০ বাসের ঢাকার সায়েদাবাদের শীর্ষ পরিবহন-সন্ত্রাসী জাফর গ্রুপকে এবং নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে সন্ত্রাসী হেলাল গ্রুপকে ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। তার পরও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছি।’এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, ‘ইতিমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে করা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছি।’সার্বিক বিষয়ে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজদের ধরতে আমরা বিশেষ অভিযান শুরু করেছি। ইতিমধ্যে আমরা অনেক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছি।’