আটটি বসতবাড়ি ও দুটি চালকল নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে মেঘনা নদীর ভাঙনে আটটি বসতবাড়ি ও দুটি চালকল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে পানিশ্বর বাজারের দুই শতাধিক দোকানপাট ও গ্রামের শতাধিক বাড়িঘরসহ বেশ কয়েকটি চালকল।গ্রামবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ভাঙনে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত শতাধিক মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।পানিশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া জানান, মেঘনা নদীর ভাঙনের ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিশ্বর বাজারের পাশে অবস্থিত প্রায় দুটি চালকল ও আটটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে সরকার যদি কোনো কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে পানিশ্বর বাজারের দুই শতাধিক দোকানপাট ও শতাধিক বাড়িঘরসহ বেশ কয়েকটি চালকল নদীগর্ভে বিলীন হয়ে যাবে।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বলেন, ‘আমি পানিশ্বর বাজার ও গ্রাম পরিদর্শন করে দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’