আটটি রেলস্টেশন বন্ধ চুরি যাচ্ছে মালামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা-রমনাবাজার সেকশনে প্রায় ৬৪ কিলোমিটার রেলপথের আটটি স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। খাতা-কলমে দু-একজন কর্মচারী থাকলেও কেউ কর্মস্থলে থাকেন না। স্টেশনগুলো অরক্ষিত থাকায় মূল্যবান মালামাল চুরি হয়ে যাচ্ছে। পাশাপাশি অবৈধ দখলে চলে যাচ্ছে স্টেশন প্লাটফর্মসহ আশপাশের জায়গা। দিনের বেলা সার্বক্ষণিক প্লাটফর্ম, রেললাইন ও এর আশপাশের এলাকা গোচারণ ভূমি হিসেবে ব্যবহূত হয়। রাতে বসে মাদকসেবীদের আড্ডা। গত তিন মাস আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই রেলপথ সংস্কার করা হয়েছে।রেলওয়ে সূত্রে জানা যায়, তিস্তা থেকে রমনাবাজার পর্যন্ত তিস্তা, সিঙ্গারডাবরীহাট, রাজারহাট, কুড়িগ্রাম, পাঁচপীর, উলিপুর, বালাবাড়ী, রমনাবাজার নামের আটটি রেলস্টেশন আছে। এগুলোতে সিগনালিং টিকিট বিক্রি ও মালামাল পরিবহনে বুকিং-ব্যবস্থা নেই। সকালের দিকে দুই-তিনটি বগি নিয়ে ৪২২ ডাউন ট্রেন পার্বতীপুর থেকে রমনাবাজার পর্যন্ত আসে। এটি ৪২১ আপ হয়ে দুপুরের দিকে লালমনিরহাট ফিরে যায়। এই ট্রেনটির যাওয়া-আসার নির্দিষ্ট কোনো সময় নেই। একনাগাড়ে এক মাস ট্রেন না আসারও নজির রয়েছে। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ডিপুটি ট্রাফিক সুপার মোস্তাফিজুর রহমান জানান, স্টেশনগুলো লিখিতভাবে বন্ধ করা হয়নি। তবে কার্যক্রম এক বছরের জন্য বন্ধ আছে। রাজারহাট, কুড়িগ্রাম, উলিপুর ও রমনাবাজার স্টেশনে মাস্টারের পদ থাকলেও এখন তা শূন্য। দুজন বুকিং ক্লার্ক রাজারহাট ও উলিপুর স্টেশনে এবং একজন করে কোটার উল্লিখিত আটটি স্টেশনে কর্মরত আছেন। এরাই কিছু সময়ের জন্য স্টেশনগুলোর দেখভাল করেন। লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক জানান, নির্মাণ সংস্কার ও মেরামতের কাজ ছাড়া তাদের কিছু করণীয় নেই। প্রকৌশল বিভাগের কোনো জনবল না থাকায় তাঁরা কাজ করতে পারছেন না। রেলওয়ে বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা আবু সাঈদ জানান, রেলওয়ের জায়গা অবৈধভাবে দখলকারী দেড় শতাধিক ব্যক্তিকে এক মাস আগে নোটিশ দেওয়া হলেও কেউ দখল ছাড়েননি।