আটটি রেলস্টেশনে লুপ লাইন প্রকল্পের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন দুর্ঘটনা রোধ, আয় বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন ট্রেন চলাচলের সুবিধার্থে পাকশী বিভাগের আটটি রেলস্টেশনে লুপ লাইন পুনর্বাসন ও পুনঃস্থাপন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব স্টেশন হলো ঈশ্বরদী, সিরাজগঞ্জ বাজার, ভেড়ামারা, মিরপুর, হালসা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ও দর্শনা।
পাকশী রেল সূত্র জানায়, বর্তমান রেললাইন ও স্লিপারের কারণে স্টেশন ইয়ার্ডে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে অহরহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেলের ওয়াগনসহ বহুমুখী ট্রেনের শান্টিং কাজও ব্যাহত হচ্ছে। এসব কারণে লুপ লাইন সংস্কার ও স্থাপনের প্রয়োজন দেখা দেয়। তাই নিরাপদে ট্রেন চলাচল ও আয় বৃদ্ধির লক্ষ্যে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় ৫৭ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে পাকশী রেল বিভাগে ‘দর্শনা-ঈশ্বরদী-সিরাজগঞ্জ বাজার ব্রডগেজ সেকশনে লুপ লাইনসমূহ বর্ধিতকরণ, পুনর্বাসন ও পুনর্নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়। ডিসেম্বর থেকে এই ছয়টি স্টেশনে পর্যায়ক্রমে প্রকল্পের মাঠপর্যায়ের কাজ শুরু করা হয়েছে।
প্রকল্পের পরামর্শক (কনসালট্যান্ট) হাবিব আহমেদ জানান, চলতি মাসে ১৩ হাজার স্টিল এবং ৭০০ কাঠের স্লিপার চুয়াডাঙ্গা, মিরপুর ও দর্শনা জংশন স্টেশনে আনা হয়েছে। ঈশ্বরদী জংশন ও সিরাজগঞ্জ বাজার লাইনেও রেলের মালামাল পাঠানো শুরু হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী বলেন, লুপ লাইনের কাজ সম্পন্ন হলে ইয়ার্ডে দুর্ঘটনা শূন্যের কোঠায় আসবে। ঢাকা, পার্বতীপুর, খুলনাসহ বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলের গতি বাড়বে। এ ছাড়া ভারতীয় যাত্রী ও মালবাহীসহ বহুমুখী ট্রেনের সংখ্যা বাড়বে। ফলে ট্রেনের আয় বৃদ্ধি পাবে। তিনি জানান, গতকাল রোববার সিরাজগঞ্জ বাজারে স্লিপার পাঠানো শুরু হয়েছে। কোনো প্রতিবন্ধকতা না হলে আগামী সাপ্তাহে ঈশ্বরদী জংশন স্টেশনে কাজ শুরু হবে।