আটটি সরকারি প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে গতকাল সোমবার আটটি সরকারি প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে গণশুনানি হয়েছে। এতে ৫০ জন সেবাগ্রহীতা নানা অভিযোগ তুলে ধরেন। সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ওই গণশুনানি হয়। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) ও নালিতাবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ আয়োজনে সহায়তা করে। উপজেলার ভূমি, হিসাবরক্ষণ, সাব-রেজিস্ট্রি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, পল্লী বিদ্যুৎ, প্রকল্প বাস্তবায়ন, সমাজসেবা ও সমবায় কার্যালয়ের নানা দুর্নীতি, হয়রানি ও পরিষেবা নিয়ে গণশুনানি হয়। জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে নাকুগাও গুচ্ছগ্রামের সভাপতি মুক্তিযোদ্ধা সাহেদ আলী বলেন, ‘গুচ্ছগ্রামের পল্লী বিদ্যুতের ১২৩ জন গ্রাহকের সবাই দিনমজুর। বিদ্যুতের সংযোগের জন্য তার ও মিটার লাগানোর জন্য ১ লাখ ৭০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। এখন সংযোগ পাওয়ার কথা। কিন্তু স্থানীয় এক দালাল গ্রাহকপ্রতি আরও দেড় হাজার টাকা দাবি করছে। টাকা না দেওয়ায় তিন মাস ধরে সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। এর প্রতিকার কী জানতে চাই?’
ওই প্রশ্নের জবাবে শেরপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) মাসরুল হক খান বলেন, ‘প্রতিটি মিটার লাগাতে ৬০০ টাকা ও সদস্য ফি ৫০ টাকায় একজন গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পাওয়ার কথা। কে অতিরিক্ত টাকা চাচ্ছেন আমাদের জানান। ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় সঞ্চালক এ এম পারভেজ রহিম বলেন, এই গ্রাহকেরা কবে সংযোগ পাবেন? জবাবে জিএম বলেন, আগামী দুই দিনের মধ্যে গুচ্ছগ্রামে সংযোগ দেওয়া হবে।
গণশুনানিতে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌরসভার মেয়র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলার আবাসিক প্রকৌশলী। এ সময় দুদকের কমিশনার নাছির উদ্দিন আহম্মেদ, পরিচালক নাসিম আনোয়ার ও মনিরুজ্জামান, উপপরিচালক তৌফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, দুপ্রকের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এম এ হাকাম ও জনপ্রতিনিধিসহ এক হাজারের বেশি লোক উপস্থিত ছিলেন।
শুরুতেই কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী বক্তব্য দেন দুদকের কমিশনার নাছির উদ্দিন আহম্মেদ।