আটটি 'ঝুঁকিপূর্ণ' কেন্দ্রে বাড়তি নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের আটটি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সাবেক নেতা এম এম শাহীন। এসব কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য তিনি রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে সাবেক সাংসদ শাহীনসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সহসভাপতি এম এ রহিম, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতিসাহাব উদ্দিন, সাংবাদিক বকসি ইকবাল আহমদ ও সোহেল আহমদ। এ ছাড়া সাধারণ সদস্যপদে ৮৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ২১ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার ৯৫৬ জন।

শাহীনের লিখিত আবেদন সূত্রে জানা গেছে, তিনি জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে আটটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে ১ নম্বর ওয়ার্ডের পাথারিয়া-ছোটলেখা উচ্চবিদ্যালয়, ৩ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ডের বরমচাল প্রাথমিক বিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ডের নবীনচন্দ্র মডেল উচ্চবিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার কে সি উচ্চবিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়, ১৪ নম্বর ওয়ার্ডের কমলগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ নম্বর ওয়ার্ডের এটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়।

এম এম শাহীন গতকাল রোববার মুঠোফোনে বলেন, বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি নানা তথ্য পেয়েছেন। সে তথ্যের ভিত্তিতেই আটটি কেন্দ্রকে তিনি ঝুঁকিপূর্ণ মনে করেছেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।