আটটিতে আ.লীগ ও ছয়টি পদে বিএনপি-সমর্থিত প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১২-১৩) নির্বাচনে জয়নুল আবেদীন সভাপতি ও মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।মোট ১৪টি পদের মধ্যে সভাপতি, কোষাধ্যক্ষ ও চারটি সদস্যসহ ছয়টি পদ পেয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল)। আর সম্পাদক, দুটি সহসভাপতি, দুটি সহ-সম্পাদক ও তিনটি সদস্য পদসহ আটটি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল)।সভাপতি পদে এক হাজার ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. মুনসুরুল হক চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৭৪ ভোট। সম্পাদক পদে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এক হাজার ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. হেলাল উদ্দিন মোল্লা পেয়েছেন এক হাজার ৪৪৬ ভোট।গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. নূর হোসেন চৌধুরী আইনজীবী সমিতির দক্ষিণ হলে এ ফল ঘোষণা করেন। গতকাল শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ৮ এপ্রিল আনুষ্ঠানিক-ভাবে ফলাফল ঘোষণা করা হবে।নির্বাচনে সহসভাপতির দুটি পদে সাদা প্যানেলের কে এম সাইফুদ্দিন আহমদ (১৫৯২ ভোট) ও মো. মোস্তফা (১৪০৪ ভোট) নির্বাচিত হন। একই প্যানেল থেকে সহ-সম্পাদকের দুটি পদে বিজয়ী হন মো. নূর-নবী বুলবুল (১৫৫৮ ভোট) এবং এ কে এম তৌহীদুর রহমান (১৪৫৭ ভোট)। কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের শাহ মো. মুনীর শরীফ (১৭৭৭ ভোট) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের মো. আমিনুল ইসলাম (১১৮৯ ভোট)।সাতটি সদস্য পদের মধ্যে নীল প্যানেল থেকে জান্নাত সুলতানা, শাহানারা পারভীন, জাহানারা বেগম ও মো. আছরারুল হক এবং সাদা প্যানেল থেকে জোবায়দা পারভিন, সৈয়দা সাবিনা আহমদ ও মো. আবু তৌহিদ ভূঁইয়া নির্বাচিত হন।২১ ও ২২ মার্চ এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। তিন হাজার ৮২৯ জন ভোটারের মধ্যে তিন হাজার ১৪৪ জন ভোট দেন। সাদা ও নীল প্যানেল ছাড়াও হলুদ প্যানেল এবং স্বতন্ত্র এক প্রার্থীসহ মোট ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।