আটটির একটিরও অনুমোদন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আটটি ইটভাটার কোনোটিরই প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। এসব ইটভাটায় ব্যবহার করা হচ্ছে কাঠ। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়েও ইটভাটার মালিকদের দৌরাত্ম্য কমাতে পারছে না।সরেজমিনে দেখা যায়, মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়িতে কেবিএম ব্রিকস ফিল্ড, ওয়াচু এলাকায় বিবিএম ব্রিকস ফিল্ড ও জেএসবি ব্রিকস ফিল্ড এবং কামিনী মেম্বারপাড়ার এনএমবি ব্রিকস ফিল্ড নামের ভাটাগুলোয় ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার আশপাশের জঙ্গলে হাজার হাজার মণ কাঠ পোড়ানোর জন্য সংগ্রহ করে রাখা হয়েছে।ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন ফলদ বৃক্ষ ব্যক্তিগতভাবে বিক্রি করে থাকলেও গামারি গাছগুলো বন বিভাগের বাগান থেকে চুরি করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রতিটি ইটভাটা কোনো না কোনো গ্রামের পাশে অবস্থিত হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যও হুমকির মুখে। বাইল্যাছড়ি কেবিএম ব্রিকস ফিল্ডের মালিক কামাল সওদাগর স্বীকার করেন, তাঁর ইটভাটার জন্য প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। প্রশাসনের সঙ্গে বোঝাপড়া করেই ইটভাটার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি আড়াই শ মণ কাঠ পোড়াচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, বন ও পরিবেশ রক্ষাসংক্রান্ত এক সভায় এ মৌসুমে কোনো ইটভাটা করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে উপজেলায় আটটি ইটভাটা করা হয়েছে। গত দুই মাসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিটিকে জরিমানা ও অবৈধ কাঠ আটক করা হয়েছে।