আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চলছে চিকিৎসক ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কার্যত একজন চিকিৎসকও এখানে নেই। প্রেষণে নিয়োগপ্রাপ্ত একজন চিকিৎসক ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকেও প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসক ছাড়াই এই স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে।’ নেত্রকোনার আটপাড়ায় অবস্থিত ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ অবস্থার কথা জানালেন সিভিল সার্জন সাহিদ উদ্দিন। ১ অক্টোবর সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা সিভিল সার্জনের বক্তব্যের সত্যতা পাওয়া যায়। দন্ত সহকারী সুবীর লাল চক্রবর্তী বহির্বিভাগে এবং জরুরি বিভাগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাজী ওয়ায়েছ করনী কর্মরত ছিলেন। এ দুজন তিন শতাধিক রোগীর ব্যবস্থাপত্র দিচ্ছেন। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাইরে অবস্থান করছেন। ব্যবস্থাপত্র দিচ্ছেন স্বাস্থ্য সহকারী ও অফিস সহকারী (মালী থেকে পদোন্নতিপ্রাপ্ত)।রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা থাকলেও দুই সপ্তাহের বেশি সময় থেকে একজন চিকিৎসকও এখানে নেই। মালীর পদ থেকে পদোন্নতি পাওয়া হাসপাতালের অফিস সহকারী রফিক রোগীর ব্যবস্থাপত্র দেন, আবার মারামারির মামলাসংক্রান্ত চিকিৎসা সনদের ব্যবসাও করেন। কার্যালয়ের অন্য কর্মচারীরাও নিয়মিত আসেন না। হাসপাতাল সূত্রে জানা গেছে, নয়জন চিকিৎসকের পদ আছে। এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং দুজন চিকিৎসা কর্মকর্তা। বর্তমানে চিকিৎসক সৈয়দ গোলাম ইউসুফ সিদ্দিকী প্রেষণে এখানে কর্মরত থাকার কথা থাকলেও তিনি গত ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণের জন্য ঢাকায় যান। ১৯ অক্টোবর পর্যন্ত সেখানে থাকবেন। সেবিকা আছে নয়জনের মধ্যে চারজন। ওয়ার্ডবয় একজনও নেই। একজন রেডিওগ্রাফার প্রশিক্ষণে থাকায় এক্স-রে কার্যক্রম বন্ধ। ফার্মাসিস্টের দুটি পদই শূন্য। কোনো রকম প্রশিক্ষণ না নিয়ে অফিস সহকারী রফিক কাটাছেঁড়ায় সেলাই দেন। একটি অ্যাম্বুলেন্স তা-ও বিকল। রয়েছে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। ৫০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শেষ হলেও তা চালু হচ্ছে না।এ হাসপাতালের রোগী যৌতুকের দায়ে স্বামী কর্তৃক নির্যাতিতা সাফিয়া (২৫) জানান, তাঁর স্বামী মারধর করে সারা শরীর ক্ষতবিক্ষত করেছে। এখানে আবাসিক চিকিৎসক না থাকায় মেডিকেল সনদ কীভাবে পাবেন, বুঝতে পারছেন না। সনদ-বাণিজ্যের কথা জিজ্ঞাসা করলে হাসপাতালের অফিস সহকারী রফিক বলেন, ‘আমি সনদ-বাণিজ্য করিনি। চিকিৎসা করি অভিজ্ঞতা থেকে।’হাসপাতালের সামনে দোকানদারি করেন আবুল কাশেম। তিনি বলেন, ‘স্থানীয় কর্মচারীরা এখানকার কর্মকর্তাদের প্রায়ই নাজেহাল করেন। এলাকার দাপট দেখান।’উপজেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক আবদুল হান্নান বলেন, ‘এ অবস্থা দীর্ঘদিনের। আমরা এলাকার শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে এই চিত্র প্রায় হাসপাতালে দেখছি। স্থানীয় সাংসদকে বিষয়টি অবহিত করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ নাসির উদ্দিনের কাছে হাসপাতালের অব্যবস্থাপনার কথা জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার বলেন, ‘এগুলো ভ্রান্ত কথা। আমি এখন কথা বলতে পারব না। পরে কথা বলব।’ এ কথা বলে তিনি মুঠোফোনের লাইন কেটে দেন। নেত্রকোনার সিভিল সার্জন সাহিদ উদ্দিন হাসপাতালের দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ‘এ হাসপাতালে কোনো ডাক্তার নেই। একজনকে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও ওপরের নির্দেশে তাঁকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। এখন আমরা কী করতে পারি?’ তিনি বলেন, ‘আমি তো ডাক্তার নিয়োগ দিতে পারি না। এখানে কোনো ডাক্তার এসে থাকতে চান না।’