আটপাড়ায় ভিজিডির তালিকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে ঢুকে যুবলীগের একদল স্থানীয় নেতা-কর্মী দুস্থ জনগোষ্ঠীর উন্নয়নবিষয়ক (ভিজিডি) কর্মসূচির চূড়ান্ত তালিকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবারের এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা হয়েছে।আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ প্রথম আলোকে জানান, মামলার আসামি উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুল ইসলাম খানকে (৪০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামি বুলবুল আহমেদ (৩৫) ও কামরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করার চেষ্টা চলছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অফিস চলাকালে মাহফুজুলের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে ঢুকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ভিজিডি কর্মসূচির চূড়ান্ত তালিকা দেখতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অফিস সহকারী বিনয় কৃষ্ণ করকে তাঁরা মারধর করেন। তাঁর কাছ থেকে ওই তালিকা ছিনিয়ে নিয়ে তাঁরা ছিঁড়ে ফেলেন। এ ছাড়া টেবিলের কাচে ভাঙচুর করা হয়।ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা সবাই যুবলীগের নেতা-কর্মী।