নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরে গত রোববার বিকেলে ছাত্রলীগের কর্মীরা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের কমপক্ষে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান খান অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী উপজেলা সদরে মহড়া দিয়ে বিএনপির মাজিদ, আনোয়ার, রফিক, নূরুল ইসলাম, বুলবুল, সাজিদুর রহমান, কাঞ্চন, ফুল মিয়া, মাসুদ, মোহন, উজ্জ্বল মিয়াসহ ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে সুজন, জামাল, রুজেল, খায়রুল, মাইনুল, আলামিন ও সোহেল রানা নামের সাত যুবককে গ্রেপ্তার করেছে।আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আটক হওয়া যুবকেরা নিজেদের উপজেলা ছাত্রলীগের কর্মী বলে দাবি করছেন।অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নিজাম ইয়ার খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে যদি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়, তবে আমাদের চার-পাঁচজন কর্মীর মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়েছে কারা।’