আটা ও তেল কিনলে তবেই মেলে চিনি!
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা এবং টাঙ্গাইলের মির্জাপুরে চিনির তীব্র সংকট দেখা দিয়েছে। কমলগঞ্জে এক কেজি আটা ও এক লিটার পামতেল কেনার শর্তে দোকানিরা সরকার নির্ধারিত ৬৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করছেন। আর শুধু চিনি কিনলে কেজিপ্রতি দাম রাখা হচ্ছে কমপক্ষে ৭৫ টাকা। মির্জাপুরেও প্রায় একই রকমের অবস্থা। অন্যদিকে, শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় বেশি দাম দিয়েও চিনি পাচ্ছেন না ভোক্তারা।শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলের খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন, এক বস্তা চিনির সঙ্গে কমপক্ষে তিন বস্তা আটা না কিনলে পাইকারি ব্যবসায়ীরা চিনি বিক্রি করছেন না। তাই তাঁরা দোকানে চিনি তুলতে পারছেন না। তবে পাইকারি ব্যবসায়ীরা বলেন, মিলে চিনির সরবরাহ নেই। গত সোমবার বিকেলে শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন মুদি দোকান ঘুরে অধিকাংশ দোকানেই চিনি পাওয়া যায়নি। নতুন বাজারের একটি খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রীমঙ্গলের ইসলাম ট্রেডার্স ও মেসার্স কদর আলীসহ কয়েকটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান মৌলভীবাজার জেলার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। ওই সব প্রতিষ্ঠান থেকে এক বস্তা চিনি কিনলে তিন থেকে পাঁচ বস্তা আটা কিনতে বাধ্য করা হচ্ছে।পাইকারি ব্যবসায়ী মেসার্স ইসলাম ট্রেডার্সের অংশীদার এস এম ইউসূফ বলেন, মিলমালিকেরা চিনি দিতে পারছেন না। যাঁদের কাছে চিনি আছে তাঁরা শুধু চিনি বিক্রি করছেন না। এ ছাড়া ৫০ কেজির ২০০ বস্তা চিনির সঙ্গে ৫০ কেজির ২০০ বস্তা আটা এবং ২০৫ লিটারের ৩০ ড্রাম সয়াবিন তেল মিলগেট থেকে বাধ্যতামূলকভাবে আনতে হয়। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স কদর আলীর মালিক মো. কদর আলী বলেন, ‘চিনির সঙ্গে আটা কিনতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা শ্রীমঙ্গল থেকে চিনি কিনে মজুদ করেন বলে চিনি বিক্রিতে কিছুটা কড়াকড়ি করা হয়েছে।’গত মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল পৌর এলাকার কয়েকটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ইউএনও বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে চিনির সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।কমলগঞ্জ: উপজেলার মুদি দোকানিরা বলেন, শ্রীমঙ্গলের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে চিনি ক্রয় করতে গেলে প্রতি বস্তা চিনির সঙ্গে বাধ্যতামূলকভাবে দুই বস্তা করে আটা কিনতে হচ্ছে। এ কারণে কমলগঞ্জের অনেক মুদি দোকানি শ্রীমঙ্গলের আড়ত থেকে চিনি না কিনে ফিরছেন। এ জন্য মঙ্গলবার কমলগঞ্জের হাটবাজারে চিনির সংকট দেখা দেয়।কয়েকজন মুদি দোকানি বলেন, কমলগঞ্জের যেসব ব্যবসায়ী শ্রীমঙ্গলের আড়ত থেকে চিনির সঙ্গে আটা ও পামতেল কিনেছেন, তাঁরাই ক্রেতাদের এক কেজি চিনির সঙ্গে এক কেজি আটা ও এক লিটার পামতেল কিনতে বাধ্য করছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল থেকে তিনি চিনির বাজার পর্যবেক্ষণ করছেন। মির্জাপুর: দু-একটি দোকানে সরকার নির্ধারিত ৬৫ টাকার স্থলে ৭০ টাকা কেজি দরে চিনি পাওয়া গেলেও এর সঙ্গে কমপক্ষে দুই কেজি আটা কিংবা সয়াবিন তেল কিনতে হচ্ছে। উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের বাসিন্দা শামসুল ইসলাম ও মো. এরশাদ বলেন, ৭০ টাকা দরে এক কেজি চিনি কিনতে তাঁদের বাড়তি দুই কেজি করে আটা কিনতে হয়েছে। প্রকৃত দামেই চিনি ও সয়াবিন তেল বিক্রি করছেন দাবি করে মির্জাপুর বাজারের ডিলার স্বপন সাহা ও পরিমল সাহা বলেন, ব্যবসায়ীরা না এলে তো কাউকে জোর করে চিনি দেওয়া যাবে না। চিনির পাশাপাশি আটা ও তেল তাদেরও জোর করে দেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। মির্জাপুরে চিনির বাজারের অস্থিরতা ও সংকটের খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম বিভিন্ন বাজার ঘুরে দেখেন। এর পর তিনি প্রথম আলোকে বলেন, ডিলারেরা অনিয়মের মধ্য দিয়ে চিনি বিক্রি করছেন। চিনির সঙ্গে আটা কিংবা তেল কিনতে হচ্ছে উল্লেখ করে বলেন, এ ব্যাপারে আজ (বুধবার) বিকেলে ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক করা হবে। {প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার) এবং মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি}