আটা ও রং মিশিয়ে ভেজাল গুড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলায় চিটাগুড়, চিনি, আটা ও রং মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। রমজান মাসে বাড়তি চাহিদা মেটাতে রাত-দিন কারখানাগুলোতে ভেজাল গুড় তৈরি হচ্ছে। এলাকায় শতাধিক ভেজাল গুড় তৈরির কারখানা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এই গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব গুড়ের কারখানার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। তবে এখনো প্রশাসন কারখানা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে এক কেজি চিটাগুড়ের দাম ১২ টাকা, লাল আটা ২৬ টাকা ও লালচে রঙের চিনির দাম ৪১ টাকা। এই তিন কেজি উপাদানের সঙ্গে পানি মিশিয়ে তিন কেজি পরিমাণ গুড় তৈরি করা হয়। প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করা হয় ৪২ টাকা দরে।স্থানীয় গুড় ব্যবসায়ীরা জানান, রমজান মাসে শরবতের জন্য ব্যবহূত বাড়তি গুড়ের প্রয়োজন পড়ে। গুড়ের বাড়তি চাহিদা মেটানোর জন্য চারঘাটের ভেজাল গুড় ব্যবসায়ীরা উঠেপড়ে লেগেছেন। উপজেলার মেরামতপুর দিড়িপাড়া, পিরোজপুর ঢালিপাড়া, কাঁকড়ামারি, চানপুর, কাঁকড়ামারি ঘোষপাড়া, পরানপুর, রউথাসহ প্রায় ১৫টি গ্রামে এই গুড় তৈরি হচ্ছে। গ্রামগুলোতে ভেজাল তৈরির শতাধিক কারখানা রয়েছে।গত শুক্রবার মেরামতপুর দিড়িপাড়া গ্রামে সরেজমিনে কয়েকটি কারখানা ঘুরে ভেজাল গুড় তৈরির দৃশ্য দেখা গেছে। এখানে বিশেষ ধরনের রং (খাবার রং নয়) ও সোডিয়াম হাইড্রো সালফেট মেশানো হচ্ছে। এটা মেশানোর সময় দুর্গন্ধ তৈরি হচ্ছে।কাঁকড়ামারি গ্রামে ইব্রাহিমের কারখানায় ভেজাল গুড় তৈরির ছবি নিতে গেলে তিনি মারমুখী হয়ে ওঠেন। তিনি বলেন, ‘পুলিশকে মাসোয়ারা দিয়েই এখানে গুড় তৈরি হচ্ছে। আমাদের গুড় তৈরির লাইসেন্স আছে।’চানপুর গ্রামের নৈয়বের কারখানায় গিয়েও চিটাগুড় মিশিয়ে ভেজাল গুড় তৈরির বিষয়টি দেখা গেছে। রাজশাহী চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) আবদুর রউফ বলেন, চিটাগুড়ের মধ্যে সালফার ও ফসফরাসসহ অনেক অপদ্রব্য থাকে। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর।রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের প্রভাষক জোহা এম এম হোসেন বলেন, গুড় তৈরিতে যে রং ব্যবহার করা হচ্ছে তা খাবার রং নয়। এটি ক্যানসারের অন্যতম কারণ হতে পারে।চারঘাট থানার পরিদর্শক শাকিল আহাম্মেদ বলেন, এলাকার লোকজন বিষাক্ত গুড় তৈরির বিষয়ে পুলিশকে জানিয়েছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। হরতালের কারণে তাঁরা অভিযান চালাতে পারছেন না বলে জানান।চারঘাটের ইউএনও মুন্সি মনিরুজ্জামান বলেন, গত বছরও এসব এলাকায় অভিযান চালানো হয়েছে। এবারও পুলিশ নিয়ে যৌথ অভিযান চালানো হবে।