আটোয়ারীতে বজ্রপাতে চারজনের মৃত্যু
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আজ বুধবার বিকেলে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের মিন্টু (২৩), বর্ষালুপাড়ার পরিতোষ (২৫), একই গ্রামের বিরেন শিং (৩৫) ও রামপুর গ্রামের পোহাতু পাল (৪০)।
গুরুতর আহত কৃষ্ণপালকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহত ব্যক্তিরা আজ বেলা সাড়ে তিনটার দিকে আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাঁধ এলাকায় মাঠে কাজ করছিলেন। এমন সময় বজ্রসহ মাঝারি বৃষ্টি শুরু হলে তাঁদের সবাই পাশে একটি বাঁশবাগানে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।