আটোয়ারীতে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের একটি মরিচখেত থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। গত বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার রাতে জুগিকাটা গ্রামের একটি মরিচখেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর পাঠান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পরনে নীল রঙের জ্যাকেট এবং কালো প্যান্ট ছিল। তাঁর মুখমণ্ডল ছিল ক্ষতবিক্ষত। স্থানীয় লোকজন লাশ শনাক্ত করতে পারেননি। তাঁদের ধারণা, ২৫ থেকে ২৮ বছর বয়সের ওই যুবককে দুষ্কৃতকারীরা অন্য কোথাও কুপিয়ে হত্যা করে এখানে তাঁর লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় মরিচখেতের মালিক ভাদ্রুকে আটক করা হয়েছে।
আটোয়ারী থানার ওসি নরেন্দ্র নাথ সরকার বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আটক খেতের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।