আঠারোর আগে বিয়ে নয়, শিক্ষা ছাড়া উপায় নাই। তাই সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন নতুন শিক্ষা অবকাঠামো গড়ে তুলছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করছে। মেয়েদের আরও বেশি শিক্ষিত হতে হবে। দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন হা-মীম গ্রুপের উপদেষ্টা সায়মা আজাদ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ বি এম তারিকুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও মো. মনিরুজ্জামান প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।